বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম জানিয়েছেনে, আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩ আসনে জিততে কাজ করছে তার দল।
তিনি বলেন, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাওয়া দলের মতো না। আমরা আশা রাখি বৃহত্তর রংপুর অঞ্চলের ৩৩ আসনে এখানকার জনগণ ন্যায়-ইনসাফের পক্ষে তাদের প্রত্যাশিত রায় দেবে। আমরা ৩৩ আসনেই আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সবগুলো আসনেই জেতার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শুক্রবার (২০ জুন) বাদ জুমা রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভার আয়োজনের প্রস্তুতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাওলানা আবদুল হালিম বলেন, ১৪ বছর কারা ভোগের পর রংপুরের মাটি ও মানুষের সন্তান মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক রংপুরের গর্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর কমিটির সাবেক আমির অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগরী সেক্রেটারি এ কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, রংপুর মহানগরী সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী ও আল-আমীন হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা, সেক্রেটারি সুমন সরকার, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ ও সেক্রেটারি হামিদুল ইসলাম প্রমুখ।