উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমায় পৌঁছে নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিন এই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় (বিপৎসীমা) প্রবাহিত হতে পারে। এর ফলে কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা তীরবর্তী মিলন মিয়া (৫০) বলেন, গত বুধবার রাত থেকে নদীর পানি অন্তত দেড় থেকে দুই ফুট বাড়ছে। বৃহস্পতিবার সারাদিন পানি বাড়ছিল।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, তিস্তার পানি বাড়ছে। পানি বিপৎসীমায় পৌঁছাতে পারে। তিস্তার কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। অন্য নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমায় পৌঁছানোর সম্ভাবনা নেই।