Published : Tuesday, 25 November, 2025 at 11:37 AM
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
প্রতিবছর দেশের অন্য সব জেলার আগেই শীত দেখা দেয় পঞ্চগড়ে। সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে জেলাজুড়ে শীতের উপস্থিতি টের পাওয়া যায়। বিশেষ করে গত কয়েকদিন ধরে ভোররাতেই ঠান্ডার দাপট প্রকটভাবে অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এই বিপুল তারতম্য শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলছে। সকাল ও সন্ধ্যায় হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় রোদের দেখা পাওয়া যাচ্ছে। তবে জেলার বিভিন্ন অঞ্চলে ভোররাত থেকেই কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। প্রচণ্ড আর্দ্রতা আর ঠান্ডা বাতাসই শীত বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীত অনেকটা জেঁকে বসেছে। বিশেষ করে সকাল ও রাতে বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।
পাথর শ্রমিক ও চা শ্রমিকরা বলেন, সকালে মাঠে যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। সকালে ঘন কুয়াশায় খুব ঠান্ডা লাগে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও জেঁকে বসবে।