ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের বাংলাদেশি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে।
শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার রংপুর বস্তি সংলগ্ন ৩৫৩ নম্বর মেইন সীমান্ত পিলারের প্রায় ২০০ মিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. রাসেল (১৫)। সে হরিপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মো. নিয়াজ উদ্দিনের ছেলে।
দিনাজপুর সেক্টরের অধীন বিজিবি ৪২ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলিবর্ষণের বিষয়টি জানার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। প্রাথমিকভাবে বিএসএফ দাবি করে, এ ঘটনায় এক বাংলাদেশি কিশোর নিহত ও একজন বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে ভারতের একটি স্থানীয় হাসপাতালে।
পরে দুপুরে নিহত কিশোরের পিতা মো. নিয়াজ উদ্দিন বিজিবির মিনাপুর বিওপিতে উপস্থিত হয়ে জানান, তার ছেলে রাসেল ১০ জুলাই দুপুর ১২টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের দাবি অনুযায়ী, বিএসএফের গুলিতে নিহত কিশোরটিই মো. রাসেল।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানায়। বিকেল সাড়ে ৪টায় সীমান্তের ৩৫৬ নম্বর মেইন পিলার এলাকায় উভয়পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিএসএফ রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং জানায়, ভারতীয় পুলিশের হেফাজতে থাকা মরদেহটি ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। রাত ৮টা পর্যন্ত নিহত কিশোরের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়নি।
বিজিবির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং দ্রুত মরদেহ হস্তান্তরের জন্য বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়েছে।