রংপুরে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করায় একজন গ্রেপ্তার
রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌর বাজার এলাকায় পবিত্র কোরআন শরীফ ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় রাজস্ব কুমার নামে (৫০) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজস্ব কুমার বদরগঞ্জ উপজেলার জামু বাড়ি পকিহানা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্ব ওই গ্রামের আলম নামে এক ব্যক্তির কাছে কিছু টাকা সুদের ওপর লোন-ধার চেয়েছিলেন এবং আলম টাকা দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেছিলেন। রাত ১০টার দিকে রাজস্ব টাকা চাইতে গেলে আলম টাকা দিতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে উভয়ের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে রাজস্ব কুমার কোরআন শরীফ তথা ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে। এ সময় তাদের পাশে থাকা কামরুল ইসলাম নামে এক ব্যক্তি প্রতিবাদ করে এবং আশেপাশে ১০০-১৫০ জন লোক জড়ো হয়ে যায়। পরবর্তীতে বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী অবগত হলে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।