দেশের উত্তরের জেলা নীলফামারীতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বিপৎসীমা ছুঁয়েছে তিস্তা নদীর পানি। ফলে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে বলে জানান স্থানীয়রা।
রোববার (৩ আগস্ট) সকাল নয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
এ বিষয়ে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, নদীর পানি বৃদ্ধির ফলে এসব অঞ্চলের মানুষ সতর্কাবস্থায় রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আজ রোববার ভোর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। সকাল ছয়টায় ডালিয়ায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল নয়টায় আরও পানি বেড়ে বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল। শনিবার সকাল নয়টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি বৃদ্ধি পেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলেও জানান তিনি।