Published : Thursday, 17 September, 2026 at 11:53 AM
জ্বালানি তেল, ছবিঃ সংগৃহীত
মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ কিছুটা কমে আসে। এর প্রভাবেই আগের দিনের দরপতনের ধারাবাহিকতা বজায় থাকে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।
এর আগে বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই প্রায় ৩ ডলার করে কমেছিল।
বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের উদ্যোগের দিকে। সরবরাহ পরিস্থিতির পরবর্তী পরিবর্তন বিশ্ববাজারে তেলের দামের গতিপথে প্রভাব ফেলতে পারে।