নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন।
দেশটির এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সোমবার (৫ অক্টোবর) বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক হাব লাগোসে একটি নিয়মিত মিশনে ছিল। এ সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এটি বিধ্বস্ত হয়।
তিনি বলেন, ‘উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোসের যাত্রাপথের মাঝামাঝি এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া যায়।’
নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।
স্থানীয় এক ব্যক্তি বলেন, বিমানটি কয়েকটি গাছ ভেঙে ফেলেছে। ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, কিছু জামাকাপড় ও জুতা পাওয়া গেছে।