নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট এলাকায় রাতে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশকারীদের সঙ্গে অবশ্যই পরিচয়পত্র রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের আদালত কক্ষে বিচারকাজ পরিচালনা করেন।
এ কারণে প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি, মামলায় নিয়োজিত আইনজীবী এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি লক্ষ্য করা গেছে, যা নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। এ পরিস্থিতিতে সর্বোচ্চ আদালত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রবেশকারীদের নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে হবে।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।