Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
Published : Sunday, 22 November, 2026 at 12:53 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঐক্য সুসংহত করা এবং সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দলগুলোর সঙ্গে এই সংলাপের আয়োজন করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দফতর এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে আগামী কয়েক দিনের মধ্যে পৃথকভাবে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।

তবে, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। গত ১৩ নভেম্বর তিনি যুক্তরাজ্য সফরে যান।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা। ফলে তার ফেরার আগেই অন্যান্য দলের সঙ্গে সংলাপ শুরু হতে পারে।

সম্প্রতি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা কার্যালয়, বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই গোষ্ঠীর কর্মকাণ্ড প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up