নিত্যপণ্যের দাম, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ইউরোপের তিন দেশ পর্তুগাল, ফ্রান্স ও স্পেনে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। শনিবার (২১ নভেম্বর) এসব বিক্ষোভে অংশ নিয়ে তারা মজুরি ও পেনশন বাড়ানো, সাশ্রয়ী আবাসন এবং সরকারি সেবার মান উন্নত করার দাবি জানান।
পর্তুগালের রাজধানী লিসবনে ভারী বৃষ্টির মধ্যেও মিছিল করেন শ্রমিকেরা। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শ্রমিক সংগঠন, ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মী ও তরুণদের বিভিন্ন সংগঠন বিক্ষোভে অংশ নেয়।
ফ্রান্সে টানা ছয় সপ্তাহের বিক্ষোভ
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়, শিক্ষার্থীদের অধিকার ও পুলিশের সহিংসতার প্রতিবাদে টানা ষষ্ঠ শনিবারের মতো বিক্ষোভ হয়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল।
প্যারিসে প্লাস দ্য লা রিপাবলিক থেকে প্লাস দ্য লা নাসিওঁ পর্যন্ত মিছিল করেন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল বিভিন্ন পতাকা। অনেকের গায়ে ছিল শ্রমিক সংগঠনের লোগোসংবলিত টি-শার্ট ও ইয়েলো ভেস্ট আন্দোলনের পরিচিত হলুদ জ্যাকেট।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, সারা দেশে বিক্ষোভে অংশ নেন ৮২ হাজার ৫০০ মানুষ। এর মধ্যে প্যারিসে ছিলেন ২১ হাজার ৫০০ জন। তবে আয়োজকদের দাবি, সারা দেশে বিক্ষোভকারীর সংখ্যা ছিল দেড় লাখ। শুধু প্যারিসেই মিছিলে অংশ নেন ৪৫ হাজার মানুষ।
আগের সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ ১ লাখ ৬ হাজার বিক্ষোভকারীর উপস্থিতি জানিয়েছিল। আয়োজকদের হিসাবে সেই সংখ্যা ছিল ২ লাখ।
লিওঁ শহরে বড় একটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও কয়েকটি দল অনুমতি ছাড়া শহরের কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। মার্সেই শহরে পুলিশের হিসাবে ৪ হাজার ৬০০ মানুষ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ সামাল দিতে সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও মার্সেইসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে।
এবারের বিক্ষোভের সঙ্গে ২০১৮ সালের নভেম্বরে শুরু হওয়া ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম বার্ষিকীরও যোগ রয়েছে। সে সময় জ্বালানি তেলের ওপর কর বাড়ানোর প্রতিবাদে আন্দোলন শুরু হলেও পরে তা জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
পর্তুগালে বৃষ্টির মধ্যেও শ্রমিকদের মিছিল
পর্তুগালের রাজধানী লিসবনে মজুরি ও পেনশন বাড়ানো, সাশ্রয়ী আবাসন এবং উন্নত সরকারি সেবার দাবিতে রাস্তায় নামেন হাজারো শ্রমিক। দেশটির সবচেয়ে বড় শ্রমিক ফেডারেশন সিজিটিপি-আইএন এই বিক্ষোভের আয়োজন করে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষোভকারীরা লিসবনে আসেন। পোর্তো থেকে বিশেষ ট্রেন এবং আভেইরো ও ফারোর মতো শহর থেকে বাসে করে রাজধানীতে পৌঁছান তারা।
শ্রমিক সংগঠনটি বলেছে, সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপ কমাতে সরকারকে উদ্যোগ নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম কমানোর পাশাপাশি আবাসনকে আরও সাশ্রয়ী করার দাবি জানিয়েছে তারা।
সংগঠনটির প্রচার ভিডিওতে এক বিক্ষোভকারীর বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, “তারা অর্থনীতি নিয়ে কথা বলেন, কিন্তু বাড়িভাড়া ও বিদ্যুতের বিল দিতে গিয়ে প্রতিটি পয়সার হিসাব করতে হয়—এটা তারা বোঝেন না। ওষুধ কিনবেন, নাকি পরিবারের জন্য খাবার কিনবেন, এমন সিদ্ধান্ত নিতে হয়—সেই বাস্তবতাও তারা জানেন না।”
বিক্ষোভকারীরা বলেন, বাড়িভাড়া, খাবার ও জ্বালানির খরচ মেটাতে তাদের আয় যথেষ্ট হচ্ছে না। সরকারের ২০২৭ সালের বাজেট প্রস্তাব এবং সরকারি সেবা পরিচালনার নীতি নিয়েও অসন্তোষ রয়েছে তাদের।
স্পেনেও আবাসন ও সরকারি সেবার দাবিতে বিক্ষোভ
স্পেনের বার্সেলোনায় শনিবার প্রায় তিন হাজার মানুষ বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল পাঁচ হাজার। তারা সাশ্রয়ী আবাসন, সরকারি শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি এবং উন্নত জনসেবার দাবি জানান।
অন্যদিকে রাজধানী মাদ্রিদে পৃথক একটি বিক্ষোভে করোনা মহামারির প্রথম ধাপে ২০২০ সালে বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ৭ হাজার ২৯১ জনের মৃত্যুর বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৎকালীন আঞ্চলিক সরকার কিছু বৃদ্ধাশ্রমের বাসিন্দাকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। তারা এসব মৃত্যুর সত্য উদ্ঘাটন, বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি বৃদ্ধাশ্রমগুলো পুরোপুরি সরকারি মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালনার আহ্বান জানান।