Published : Wednesday, 14 October, 2026 at 1:06 PM
টঙ্গীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, ছবিঃ সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।
এ ছাড়া ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটির সদর দপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে আশপাশের আরও ৫টি এবং সবশেষ আরও ৬টি ইউনিট যুক্ত হয়ে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
পরবর্তীতে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের ১৮টি ইউনিট এসেছে। তারা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, আগুনের তীব্রতা বেশি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। কারখানাটির ভেতরে ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট যন্ত্রপাতি, কেমিক্যাল, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনের কারণে এসব মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কত পরিমাণ মালামাল পুড়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যেতে পারে।