Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
Published : Friday, 16 October, 2026 at 10:34 AM

সাজেক ভ্যালি, ছবিঃ সংগৃহীত

সাজেক ভ্যালি, ছবিঃ সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

একই দিন দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে চলমান অবরোধও ২১ অক্টোবর পর্যন্ত শিথিল করেছে আন্দোলনকারী সংগঠনগুলো। এর ফলে প্রায় পাঁচ দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হলো সাজেকের পর্যটনকেন্দ্রগুলো।

এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণবশত সাজেকের পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ওই দিন (১১ অক্টোবর) সকাল থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় পর্যটক ও যানবাহন আটকা পড়ে।

অবরোধের মধ্যে সেনাবাহিনীর নিরাপত্তায় পর্যটকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সাজেকের বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় সাজেকের উদ্দেশে যাওয়া পর্যটকদের বহর আটকে দেন অবরোধকারীরা। অন্যদিকে, সাজেক থেকে বের হওয়া পর্যটকেরাও মাচালং এলাকায় আটকা পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর বিকেল ৫টার দিকে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আটকে পড়া পর্যটকেরা নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করেন।

তবে দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে বুধবার (১৪ অক্টোবর) আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা জানান, সাজেকের মাচালংসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অবস্থান রয়েছে। তাদের সরিয়ে নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন তারা।

বৃহস্পতিবার দিনভর অবরোধ পালনের পর দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ স্থগিতের ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। সংগঠন দুটির যৌথ বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ সময় পর্যন্ত অবরোধ শিথিল থাকবে।

একই দিন জেলা প্রশাসনও সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ফলে সড়কে অবরোধ শিথিল এবং প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে সাজেকে পর্যটন কার্যক্রম পুনরায় শুরুর সুযোগ তৈরি হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটি প্রতিনিধি
Friday, 16 October, 2026
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
কুমিল্লা প্রতিনিধি
Sunday, 20 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up