দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন ১০৪ জন। বাকি ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৭৩ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।