ডেঙ্গুতে দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন মারা যান। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫২১ জন। চট্টগ্রামে ২১৯ জন, বরিশালে ১৫৯ জন, খুলনায় ১৪৭ জন, রাজশাহীতে ১১৩ জন, ময়মনসিংহে ১০০ জন এবং রংপুরে ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।