Published : Tuesday, 10 November, 2026 at 11:17 AM
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে ৫ তলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আশঙ্কাজনকরা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীরা মাত্র আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।