Published : Tuesday, 10 November, 2026 at 12:37 PM
হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ছবিঃ সংগৃহীত
নেত্রকোণার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। তবে ট্রেনটি যথাসময়ে অর্থাৎ সকাল আটটায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশ করে। থামার পর যাত্রীরা চলে যায়। এসময় ট্রেনের গার্ড ও কর্মীরাও নেমে বাইরে খাবার খেতে যায়। ট্রেনে ওই সময় কোনো লোকজন ছিল না। এই সুযোগে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা ছুটে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভায়।
স্টেশন মাস্টার বলেন, স্টেশনের পশ্চিম দিকে ‘ড’ বগিতে আগুন- দেয়। ওই জায়গাটি প্লাটফর্মের বাইরে থাকায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে ড বগির ৫-৬ ও ১১-১২ এই চারটি সিটের রেক্সিন কভার পুড়ে গেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির চারটি সিট পুড়ে গেছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। যে বগিতে আগুন দিয়েছে সেটা সিসি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।