Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
Published : Saturday, 14 November, 2026 at 10:38 AM

যুক্তরাষ্ট্র, ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ছবিঃ সংগৃহীত

বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর (এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার) যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে স্থগিত ছিল সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেয় এফএএ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো পুরোনো নেটওয়ার্ক রাউটার ডেটা ওভারলোড হওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বার এমন পরিস্থিতি দেখা দিলো। এর আগে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২৫ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর পর।

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের ফলে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়; এয়ারলাইনগুলো ১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। আকাশে থাকা হাজার হাজার বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হলেও, মাটিতে থাকা কোনো বিমানই উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই এ বিপর্যয় দ্রুত যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপ থেকেও ফ্লাইট বাতিলের কারণ হয়ে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ) জানিয়েছে, এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত এমন কোনো আলামত আমরা পাইনি, যার ভিত্তি বলা যায় যে আমাদের লক্ষ্য করে কোনো বিদ্বেষপূর্ণ হামলা ঘটেছে। আপাতত এটি কেবল একটি টেলিযোগাযোগ বিভ্রাট। প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।”

“জনসাধারণের আতঙ্কিত হওয়ার বা প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি কোনোভাবেই ১১ সেপ্টেম্বরের মতো ঘটনা নয়।”

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমসহ বিভ্রাটের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের সর্বশেষ ও সবচেয়ে বড় উদাহরণ। বর্তমানে এই ব্যবস্থাটি সরঞ্জাম ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতি, পুরোনো অবকাঠামোসহ নানা সমস্যায় জর্জরিত অবস্থায় পৌঁছেছে।

উল্লেখ্য, এফএএ’র এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তির বড় একটি অংশই কয়েক দশক পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে য, ২০২৮ সালের শেষ নাগাদ তারা দেশজুড়ে ৪০০টিরও বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে দেবে।

শুক্রবার এফএএ’র ফ্লাইট স্থগিতাদেশ কার্যকর হওয়ার পর বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—সর্বত্রই বিমানবন্দরের ডিপারচার হল (যাত্রী বিদায় কক্ষ) ও এয়ারলাইন ডেস্কগুলোতে যাত্রীদের ভিড় জমে যায়। ডিপারচার বোর্ডে একের পর এক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়ার ঘোষণা দেখা যায় এবং বিমানগুলো গেটের কাছেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।

৪৭ বছর বয়সী লুইস মাহের, যিনি শুক্রবার রাতে নিউয়ার্ক থেকে লন্ডনে যাওয়ার অপেক্ষায় ছিলেন, তিনি বলেন, “যেকোনো মুহূর্তে হয়তো কেঁদে ফেলব, তবে এখনো কাঁদিনি।” ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে বিলম্বিত হতে পারে—এমন সতর্কবার্তা থাকা সত্ত্বেও তিনি তখনও ভ্রমণের আশা ছাড়েননি।

এই অচলাবস্থার কারণে বিমানবন্দরে আসা অনেক বিমান ট্যাক্সিওয়েতে আটকা পড়ে, কারণ গেটগুলো আগে থেকেই পূর্ণ হয়ে গিয়েছিল।

সূত্র : রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 November, 2026
ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 3 November, 2026
আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 26 October, 2026
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 20 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up