নতুন আরোপিত মার্কিন শুল্ক অযৌক্তিক বলছেন মালিকরা, ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ৩টি উপায়ে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে বাংলাদেশের ওপর আবারও বাড়তি শুল্ক আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। গত মার্চ থেকে তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত করে গত বুধবার রাতে প্রতিবেদন প্রকাশ করে এই শুপারিশ করেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় টার্গেট হলো বাংলাদেশের তৈরি পোশাক খাত। এ খাতে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। তবে এই বাড়তি শুল্ককে অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া বলছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। তাদের বড় দুশ্চিন্তা বাড়তি বেতন দেওয়ার জন্য ক্রেতাদের কাছ থেকে পোশাকের যে বাড়তি দাম আদায়ের পরিকল্পনা ছিল তা হয়তো হবে না। কারণ শুল্ক বাড়লে পোশাকের দাম এমনিতেই এক দফা বাড়বে।
বুধবার রাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয়।
১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চলমান তদন্তের ফলাফল প্রকাশ করে এই শুল্ক আরোপ করা হয়। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের অধিকাংশের বিরুদ্ধে তদন্ত করেছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি করে এই তদন্ত শুরু করা হয়।
এক্ষেত্রে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, ইউএসটিআর বাংলাদেশি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক প্রস্তাব করেছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ও অঙ্গীকার সন্তোষজনক হলে এই হার আরও কমে আসার সুযোগ রয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই নতুন হার জোরপূর্বক শ্রম সংক্রান্ত বিদ্যমান শুল্কের ওপর পুরোপুরি যোগ হবে না; বরং আগের ১০ শতাংশ শুল্কের সঙ্গে এটি সমন্বয় হয়ে কার্যত সর্বোচ্চ ৮ শতাংশ বাড়তি শুল্ক যুক্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে আগে থেকেই গড়ে ১৫.৬২ শতাংশ (তৈরি পোশাকের ক্ষেত্রে প্রায় ১৬ শতাংশ) স্বাভাবিক শুল্ক প্রযোজ্য রয়েছে। এখন ইউএসটিআর আগের ১০ শতাংশের বদলে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এটি চূড়ান্ত হলে বাংলাদেশের মোট গড় শুল্ক বর্তমানের ২৫.৬২ শতাংশ থেকে বেড়ে ৩৩.৬২ শতাংশে (প্রায় ৩৪ শতাংশ) দাঁড়াবে।
প্রস্তাবে পোশাক খাতের জন্য কোনো আলাদা ছাড় রাখা হয়নি এবং গত জুলাইয়ে প্রতিশ্রুত তুলা কোটা নিয়েও কোনো হালনাগাদ তথ্য নেই। তবে নির্দিষ্ট কিছু পোশাকে শুল্ক কমানোর কোনো বস্ত্র-সংক্রান্ত ব্যবস্থা থাকা উচিত কি না, তা ইউএসটিআর জানতে চেয়েছে। লিখিত মতামত জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি এবং এ সংক্রান্ত শুনানি হবে ২৫ জানুয়ারি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ:
যুক্তরাষ্ট্র বলছে, বাংলাদেশের কিছু কাজ, নীতি ও চর্চা ‘অযৌক্তিক’। মূল খাতগুলোতে উৎপাদন ধরে রাখতে এবং তা আরও বাড়াতে সরকারের গৃহীত বিশেষ শিল্প পরিকল্পনা; দেশে উৎপাদন ও বিদেশে রপ্তানি বাড়ানোর জন্য সরকার যেসব আর্থিক প্রণোদনা বা ভর্তুকি (যেমন—নগদ সহায়তা, কর ছাড়) দিয়ে থাকে; শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকা; বাজারের স্বাভাবিক নিয়মের বদলে সরকারি হস্তক্ষেপে সুদের হার নিয়ন্ত্রণ, বিশেষ খাতে কম সুদে ঋণ দেওয়া বা বৈদেশিক মুদ্রা/পুঁজি প্রবাহ নিয়ন্ত্রণের মতো আর্থিক নীতি ও নন-মার্কেট ইকোনমি’ (NME—যেমন চীন) থেকে আসা কাঁচামাল আমদানি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বিশ্ববাজারে যে অতিরিক্ত পণ্য উৎপাদনের চাপ তৈরি হচ্ছে, তা নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতা।
ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা–সংক্রান্ত বাংলাদেশের নীতির ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানির সুযোগ কমছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হচ্ছে। ক্রেতারা হয়তো কম দাম বা পণ্যের বেশি সরবরাহের সুবিধা পাচ্ছেন, কিন্তু বাণিজ্য–ঘাটতি ও উৎপাদন খাত সংকুচিত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রকৃত মূল্য দিতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র আরও বলছে, সামগ্রিকভাবে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতার কারণ হলো দেশটির রপ্তানিমুখী উৎপাদন খাত। এসব খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা থেকে সুবিধা পায়। পাশাপাশি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণের বড় অংশ চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়। উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধনি ও মধ্যবর্তী উপকরণ, যেমন যন্ত্রপাতি, সুতা, কাপড় ও কৃত্রিম তন্তু বিপুল পরিমাণে আমদানি করে বাংলাদেশ। এসব পণ্য উৎপাদন ও রপ্তানির যথেষ্ট সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রেরও।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ কমে যাওয়ায় তাদের আয়, মুনাফা ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে নির্দিষ্ট শিল্প খাত, অঞ্চল ও সামগ্রিক অর্থনীতিতে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) প্রতিবেদনে চীন থেকে বাংলাদেশের পণ্য আমদানির বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, নন–মার্কেট ইকোনমির (এনএমই) দেশ চীন থেকে বাংলাদেশের আমদানি এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) কার্যকরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করছে। এ ছাড়া চীন থেকে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতার কারণে চীন বাংলাদেশের শিল্পকারখানার মাধ্যমে তাদের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে।
অযৌক্তিক শুল্ক:
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম কালবেলাকে বলেন, তারা যেসব অজুহাতে বাড়তি শুল্ক আরোপ করেছে, তার কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে দেওয়া হয়নি। তারা ঢালাওভাবে অভিযোগ তুলে বাড়তি শুল্ক চাপিয়ে দিচ্ছে, যা অন্যায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরাদের একটি বাণিজ্য চুক্তি রয়েছে। এই চুক্তির অধীনে এরই মধ্যে আমরা বিভিন্ন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছি। কিন্তু এই বাড়তি শুল্ক আরোপ হওয়ার পর আমরা দেখছি যে, এ চুক্তির কোনো সুফল আমরা পাচ্ছি না।
বাড়তি শুল্কের প্রভাব নিয়ে তিনি বলেন, একদিকে মজুরি বাড়ার কারণে খরচ বেড়েছে, যা বায়ারের কাছ থেকে পণ্যের দাম বাড়িয়ে আদায় করা প্রয়োজন। কিন্তু এখন শুল্ক বাড়ার কারণে সেই বাড়তি দাম আমরা আদায় করতে পারব না বলে মনে হচ্ছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, একজন কারখানার মালিক তার রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়। অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি ও বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক।
ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানির পরিমাণ ছিল প্রায় ৮৬০ কোটি ডলার। ওই বছর এ ধরনের পণ্যের মোট মার্কিন আমদানির প্রায় ৮ শতাংশ ছিল বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাক। এ ছাড়া ২০২৫ সালে বাংলাদেশ থেকে সামগ্রিক টেক্সটাইল পণ্য আমদানির পরিমাণ ছিল প্রায় ৯০০ কোটি ডলার। ওই বছর যুক্তরাষ্ট্রের মোট টেক্সটাইল পণ্য আমদানির প্রায় ৬ শতাংশ ছিল বাংলাদেশ থেকে আসা পণ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২০২৫ সময়ে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্যে ১৫ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারের ঘাটতি ছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত ছিল। ইউএসটিআরের হিসাবে, এই উদ্বৃত্ত ২০২১ সালের ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে প্রায় সাত বিলিয়ন ডলারে পৌঁছায়।
ইউএসটিআরের প্রতিবেদন সম্পর্কে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, বাড়তি শুল্ক যেন আরোপ না হয়, সেজন্য জরুরি ভিত্তিতে দরকষাকষি করা উচিত। কারণ, আগামী জানুয়ারি মাসে শুল্ক আরোপের বিষয়টি চূড়ান্ত হবে। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসনকে বোঝাতে হবে, বাংলাদেশ শিল্প খাতে কর, নগদ সহায়তাসহ যেসব সুবিধা দেয়, তা আসলে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য, অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা রাখার জন্য। এ ধরনের সুবিধা নির্দিষ্ট কোনো দেশে বাজারসুবিধা বা রপ্তানি সক্ষমতা ধরে রাখার জন্য নয়।