Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধের পার্লামেন্টে বিশেষ সম্মাননা
Published : Saturday, 28 November, 2026 at 9:40 PM

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধের পার্লামেন্টে বিশেষ সম্মাননা, ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধের পার্লামেন্টে বিশেষ সম্মাননা, ছবি: সংগৃহীত

পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলকে বিশেষ সম্মাননা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদ (প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব সিন্ধ)। দেশটির জাতীয় পরিষদের পর এবার সিন্ধু প্রাদেশিক পার্লামেন্টেও বিশেষ গুরুত্ব পেলেন বাংলাদেশের স্পিকার।

শুক্রবার করাচিতে সিন্ধু প্রাদেশিক পার্লামেন্ট ভবনে পৌঁছায় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি পার্লামেন্ট কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে চলমান অধিবেশনের বক্তব্য থামিয়ে তাদের স্বাগত জানান সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইজ কাদের শাহ।

শুধু আনুষ্ঠানিক অভ্যর্থনাই নয়, সংসদের অধিবেশন চলাকালে স্পিকার তার বক্তব্যে বাংলাদেশি অতিথিদের পরিচয় তুলে ধরে এবং হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান ফুটবল দলের প্রথম অধিনায়ক ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে বিশেষভাবে উল্লেখ করে স্বাগত জানান। এ সময় প্রাদেশিক পার্লামেন্টের সদস্যরা অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অতিথিদের সম্মানে স্মারক শিল্ড ও সিন্ধি ঐতিহ্যবাহী ‘আজরাক’ উপহার দেওয়া হয়।

সফরকালে প্রতিনিধিদলকে ঐতিহাসিক সিন্ধু পার্লামেন্ট ভবনের স্থাপত্য, ইতিহাস, সংসদীয় ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা, আইনসভাগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এর আগে বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন এবং সমাধিসৌধের ভিজিটরস বুকে নিজেদের অনুভূতি ও মন্তব্য লিপিবদ্ধ করেন।

প্রতিনিধিদলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছাড়াও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরাত আদীব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান নাসের রহমান। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের উপ-হাইকমিশনার মোহাম্মদ সাকিব সাদাকাত।

উল্লেখ্য, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন বাংলাদেশের স্পিকার। এটি বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের প্রথম পাকিস্তান সফর। ইসলামাবাদ ও লাহোরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষে করাচিতে পৌঁছান তারা। সফরে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলটির বৈঠকের কর্মসূচি রয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up