Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস
Published : Saturday, 25 July, 2026 at 6:45 PM

ভারতে জেন-জি আন্দোলন, ছবি: সংগৃহীত

ভারতে জেন-জি আন্দোলন, ছবি: সংগৃহীত

ভারতে জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যাপক আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লির যন্তর মন্তরের উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে লেখে, শিক্ষার্থীদের শক্তি দীর্ঘজীবী হোক।

সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যন্তর মন্তরের মঞ্চ থেকে বলেন, আমরা পেরেছি। অনেকে বলতেন, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না। কিন্তু আমরা তা সম্ভব করেছি। নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক দিনে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং তা জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো ছিল—

• শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

• আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া।

• নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ।

এর আগে শুক্রবার কেন্দ্র সরকার শেষের দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো অবস্থান জানায়নি।

পদত্যাগের ঘোষণা দিয়ে এক্সে দেওয়া বার্তায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পদত্যাগের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই যন্তর মন্তরের আন্দোলনস্থলে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সূত্র: এনডিটিভি

দেশ সংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up