Published : Thursday, 3 September, 2026 at 5:19 PM
তীব্র দাবদাহ, ছবিঃ সংগৃহীত
প্রকৃতি যেন এক অজানা ও ভয়ংকর গন্তব্যের দিকে এগোচ্ছে। সমুদ্রের পানির তাপমাত্রা বেড়েই চলেছে, আর বিশ্ব প্রবেশ করেছে চরম বৈরী আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে। আগামী দিনগুলোতে পৃথিবীকে নতুন করে চোখ রাঙাচ্ছে প্রাকৃতিক জলবায়ু চক্র ‘এল নিনো’।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা ‘বিশ্ব আবহাওয়া সংস্থা’ (ডব্লিউএমও) বৃহস্পতিবার এই গভীর শঙ্কার কথা জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, আগামী মাসগুলোতে এল নিনো ‘অতি শক্তিশালী’ রূপ ধারণ করবে এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর প্রভাব থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। চলতি বছরের শেষের দিকে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও, এর ভয়ংকর প্রভাব ২০২৭ সাল পর্যন্ত থেকে যাবে।
এল নিনো মূলত একটি প্রাকৃতিক জলবায়ু চক্র। এটি সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্টি না হলেও, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নকে এটি আরও বাড়িয়ে দেবে। ডব্লিউএমও-র মতে, এর প্রভাবে বদলে যাবে বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরন। ফলে বিশ্বজুড়ে চরম দাবদাহ, খরা ও ভয়াবহ বন্যার ঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আমাদের চোখের সামনেই এল নিনো বিশাল আকার ধারণ করছে। বিজ্ঞান বলছে, আমাদের গ্রহটি এখন এক অজানা ও উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এখন লড়াইটা ক্রমবর্ধমান প্রাকৃতিক ঝুঁকি এবং জলবায়ু রক্ষার প্রতিশ্রুতির মধ্যে। মানুষকে সুরক্ষিত রাখতে আমাদের এই লড়াইয়ে অবশ্যই বিজয়ী হতে হবে।