Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, সাত কারখানা বন্ধ ঘোষণা
Published : Sunday, 15 November, 2026 at 10:47 AM

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ছবিঃ সংগৃহীত

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের অবসান হচ্ছে না। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলন রোববারে গড়িয়েছে। সড়ক অবরোধ করায় দেখা দিয়েছে যানজট। এরই মধ্যে কালিয়াকৈরের ৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিন (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। অন্যদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফুটপাতে কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানা। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড ও করণী নিট কম্পোজিট লিমিটেডের নামও রয়েছে। কারখানা বন্ধের খবরে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকেই ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন হাজারো শ্রমিক।

কারখানা বন্ধের মধ্যেও শ্রমিক অসন্তোষ থেমে নেই। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও তার যথাযথ সমাধান হয়নি। এর মধ্যে কারখানা বন্ধ ঘোষণা করায় তাদের কর্মসংস্থান ও পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শ্রমিকরা কারখানা চালু রাখা, বেতন বৃদ্ধি এবং কর্মপরিবেশ স্বাভাবিক করার দাবি জানান।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় নতুন করে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মৌচাক ও সফিপুর এলাকাতেও ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের পাশাপাশি চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতের কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিক অসন্তোষের মধ্যে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে শ্রমিক অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের বিষয়টি শিল্প পুলিশ পর্যবেক্ষণ করছে। আজও কয়েকটি কারখানার শ্রমিক হঠাৎ করে সড়কে নেমে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বন্ধ হওয়া কারখানাগুলোর নোটিশ এখনো সবগুলো আমাদের হাতে পৌঁছায়নি। নোটিশগুলো হাতে পেলে কোন কোন কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

শ্রমিক অসন্তোষের কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
Sunday, 8 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up