Published : Thursday, 10 September, 2026 at 2:50 PM
ফারাক্কা ব্যারাজ, ছবিঃ সংগৃহীত
পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। এ অবস্থায় নদীর চর ও নিচু এলাকাগুলোয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, পদ্মা নদীর পানি বন্যা বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হওয়া শুরু করেছে। চর এলাকাগুলোয় বন্যার আশঙ্কা করা যাচ্ছে।
মোস্তফা কামাল পলাশের ফেসবুকে লিখেছেন, ‘১০ সেপ্টেম্বরের সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, ফারাক্কায় গঙ্গার পানির উচ্চতা ২৩.৭৫ মিটারে পৌঁছেছে, যা স্থানীয় বিপৎসীমা ২২.২৫ মিটারের প্রায় ১.৫০ মিটার ওপরে। ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যারাজের সব (১০৯টি) গেট খোলা রয়েছে এবং মোট পানিপ্রবাহ প্রায় ১৬ লাখ ঘনফুট প্রতি সেকেন্ড (কিউসেক)। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে। ফারাক্কার এই বাড়তি প্রবাহ একই মাত্রায় বাংলাদেশে দ্রুত পানি বাড়াতে শুরু করেছে।’
তিনি আরও লিখেছেন, ‘বর্তমান হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ১-২ দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে। বর্তমানে সবচেয়ে বেশি নজর রাখা প্রয়োজন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চর এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোয়।’