Published : Thursday, 10 September, 2026 at 11:35 AM
ধানমন্ডির ভবনে আগুন, ছবিঃ সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্সের একটি শোরুম ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মীনাবাজারের বিপরীতে অবস্থিত অ্যাপেক্স ভবনের ওপরের দুই তলায় আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত হয়েছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।