Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শক্তিশালী মার্কিন ডলার ও বন্ডের সুদে ঊর্ধ্বগতিতে কমল সোনার দাম
Published : Friday, 2 October, 2026 at 12:03 PM

সোনার বার, ছবিঃ সংগৃহীত

সোনার বার, ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডলারের দাম শক্তিশালী হওয়া এবং মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় সোনার দামে চাপ তৈরি হয়েছে। ফলে শুক্রবার সোনার দাম কমেছে।

এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে সোনার দাম কমার পথে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ 'পে-রোল' (কর্মসংস্থান) তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এই তথ্য থেকে ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতির বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।

রয়টার্স জানায়, বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে প্রতি আউন্স স্পট সোনার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১৫৪ দশমিক ৭৮ ডলারে নেমেছে।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম ৩ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রে সোনার ভবিষ্যৎ চুক্তির দামও ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১৮৪ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের দাম এ সপ্তাহে বাড়ার পথে রয়েছে। এতে অন্যান্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত ধাতুর দাম বেড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার ১০ ও ৩০ বছরের মেয়াদের মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘বাজারের অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে প্রত্যাশা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের কৃষি খাতের বাইরের কর্মসংস্থানের তথ্য সুদের হার নিয়ে প্রত্যাশার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তথ্য যদি প্রত্যাশার চেয়ে শক্তিশালী হয়, তাহলে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বাড়তে পারে। এতে সোনার দামের ওপর আরো চাপ পড়তে পারে।

এ সপ্তাহে ফেডের দুই নীতিনির্ধারক আরেক দফা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে আরও তথ্যের অপেক্ষা করার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন। সেপ্টেম্বরের যুক্তরাষ্ট্রের কৃষি খাতের বাইরের কর্মসংস্থানের প্রতিবেদন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রকাশ হওয়ার কথা। বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, আগস্টে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম বেড়েছে। এর আগের মাসে পণ্যের দাম বাড়ার চাপও আগের প্রকাশিত তথ্যের তুলনায় কম ছিল। বাজারে এখন চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ ধরে নেওয়া হচ্ছে। সপ্তাহের শুরুতে এই সম্ভাবনা ছিল প্রায় ৭০ শতাংশ। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনো ৭৯ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সাধারণত ঋণের খরচ বেড়ে গেলে সোনার আকর্ষণ কমে যায়। কারণ সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না। এদিকে সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও ব্যাপক ও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে ইরান কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৫৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭১৬ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৭২ দশমিক ৮০ ডলারে উঠেছে। এই তিনটি ধাতুর দামই এ সপ্তাহে কমার পথে রয়েছে।

সুত্রঃ রয়টার্স 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দ্বিগুণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 September, 2026
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 September, 2026
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 27 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up