Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের ৩ সেতু বিধ্বস্ত, নিহত ৮
Published : Friday, 20 November, 2026 at 5:17 PM

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ছবিঃ সংগৃহীত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কিয়েভে ছয়জনসহ দেশটির বিভিন্ন এলাকায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ জন।

কয়েক দিনের ব্যবধানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় ধরনের হামলার পর রাশিয়ার এই আক্রমণকে পাল্টা প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দনিপ্রো নদীর ওপর নির্মিত কিয়েভের পোদিলস্কো-ভসক্রেসেনস্কি, দারনিতস্কি ও সাউদার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। সপ্তাহের শুরুতে রাশিয়ার পাল্টা হামলায় আরও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীতে যোগাযোগব্যবস্থা আরও বিপর্যস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো ব্যক্তিগত গাড়ি নিয়ে জরুরি প্রয়োজন ছাড়া নগরীতে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রাতের হামলায় সাতজন চিকিৎসাকর্মী আহত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ক্রিমিয়া সেতুর সড়ক অংশ ধ্বংস করতে বড় ধরনের অভিযান চালায় ইউক্রেন। মস্কোর জন্য কৌশলগত ও প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ এই সেতুতে হামলাকে রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

২০১৪ সালে ক্রিমিয়া অবৈধভাবে দখলের পর সেখানে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে রাশিয়া। উপদ্বীপটি ব্যবহার করেই রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রের দিকে যাতায়াত করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ক্রিমিয়া সেতুর প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করা এবং শেষ পর্যন্ত এর একটি অংশ ধসিয়ে দেওয়ার পরিকল্পনা কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হয়েছিল।

২০১৯ সালে ব্যক্তিগতভাবে সেতুটির উদ্বোধন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের হামলার পর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, রাশিয়ার পাল্টা জবাব হবে ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক’।

রাশিয়ার এবারের হামলায় সারারাত ধরে ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজতে থাকে। সকালেও তা অব্যাহত ছিল।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ও ৪০০টি ড্রোন ব্যবহার করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা। ইউক্রেনের বিমানবাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইগনাত হামলাটিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আক্রমণগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি জানান, হামলায় ২৮ জন আহত হয়েছেন। দেশটির নয়টি অঞ্চলে এই আক্রমণ চালানো হয়। এর মধ্যে খারকিভের একটি অ্যাম্বুলেন্স হাসপাতালও হামলার লক্ষ্যবস্তু ছিল।

পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের স্কনিলিভ রেলস্টেশনে হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি সাদোভি। হামলায় স্টেশনের টিকিট কাউন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে একটি এলাকায় পোল্যান্ডের সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। রাশিয়ার পশ্চিম ইউক্রেনে হামলার মধ্যে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে যুদ্ধবিমানও মোতায়েন করে পোল্যান্ড।

ইউক্রেনে এই বড় হামলার কয়েক ঘণ্টা আগেই যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছিলেন ইউরোপীয় নেতারা। বার্লিনে অনুষ্ঠিত তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা অংশ নেন। ইউক্রেনের মিত্র দেশগুলোর এই জোটের লক্ষ্য, শান্তিচুক্তি হলে দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেওয়া।

বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে পাশে নিয়েই একটি সমঝোতায় পৌঁছাতে চায়। এর আগে পুতিনের সঙ্গে ট্রাম্পের একান্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউরোপকে পাশ কাটিয়ে কোনো চুক্তি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

কুশনারের দাবি, ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে রাশিয়ার আপত্তি নেই। ন্যাটোর এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্যদের তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে হয়।

তবে সোমবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ ধরনের ব্যবস্থার বিরোধিতা করেন। তিনি বলেন, ইউক্রেনকে ‘ন্যাটোর আদলে’ সদস্যপদ দেওয়ার কোনো ব্যবস্থা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনাকে দীর্ঘদিন ধরেই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে তুলে ধরে আসছে ক্রেমলিন।

চীন সফর শেষে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ান থেকে বার্লিনের বৈঠকে যোগ দেন ট্রাম্প। চীন সফরে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় নেতাদের ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। এ অর্থের পরিমাণ প্রায় ৫৮ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড বা ৭৬ বিলিয়ন ডলার। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হ্যালোইন ঘিরে ফ্রান্সে বিশৃঙ্খলার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 30 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up