Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রোহিঙ্গা গণহত্যার রায়
মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
Published : Tuesday, 24 November, 2026 at 8:15 PM

রোহিঙ্গা গণহত্যার রায়, মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার রায়, মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত

সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায়ের পর দেশটির পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আইসিজের রায় দেওয়ার ঘটনা ইতিহাসে এটিই প্রথম।

নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের ওই পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হলেন—মায়ো তুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার উ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেছেন, গণহত্যার মতো গভীরভাবে স্তম্ভিত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে সুস্পষ্ট পদক্ষেপও জরুরি।

২০২১ সালেই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং প্রসঙ্গে মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালে গণহত্যার সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন। তাই সেখানে সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্ত ও বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং এ ধরনের নৃশংসতা যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা স্থগিত, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন মিলিব্যান্ড। এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি (অ্যাভিয়েশন ফুয়েল) সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাস করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত সপ্তাহে আইসিজের ওই রায়ের পরপরই যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিলেন এড মিলিব্যান্ড। সোমবার (২৩ নভেম্বর) তিনি ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) জানান, যুক্তরাজ্য চলতি সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আইসিজের প্যানেল ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় রায় দেন যে, আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণ থেকে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’। এ ছাড়া ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আরও বেশ কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে বলে রায়ে উল্লেখ করা হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর তথাকথিত ‘শুদ্ধি অভিযানে’ প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। সে সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় এবং নারী ও কিশোরীরা ব্যাপকভাবে ধর্ষণের শিকার হন। যদিও মিয়ানমার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন এবং কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ আইসিজের এই ঐতিহাসিক রায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ইয়েমেনে বাস ও ট্রাকে হামলায় নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 24 November, 2026
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 7 November, 2026
তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 2 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up