গোপালগঞ্জে সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল ৬টার পর থেকে এ রুটে বাস চলাচল শুরু হয়। এতে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে।
পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাসগুলো সকাল থেকে চলাচল করছে। একইভাবে চট্টগ্রামগামী বাসও ছেড়ে যাচ্ছে। ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফ পরিবহনের কাউন্টারগুলো থেকেও বাস চলাচল স্বাভাবিক হওয়ার খবর পাওয়া গেছে।
বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যাতায়াত করে। এসব বাসের চলাচলের গুরুত্বপূর্ণ পথ গোপালগঞ্জ জেলা। বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে পরিবহনমালিকেরা ওই পথে বাস চলাচল বন্ধ রাখেন।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বৃষ্টির মধ্যেও দেশীয় অস্ত্র নিয়ে সড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠা দেখা যায়।
দোলা পরিবহনের বাগেরহাটগামী বাসের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই। সড়কে পড়ে থাকা গাছপালার কারণে তেমন অসুবিধা হচ্ছে না। তবে বৃষ্টির কারণে গাড়ির গতি কিছুটা কম।
এদিকে সংঘাতের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়েছিল। বুধবার সন্ধ্যার পর থেকে এসব যানবাহনের চালকেরা বাধার মুখে পড়েন। বৃহস্পতিবার রাত ১০টার পর আটকে থাকা যানবাহনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে পরিষ্কার করা হয়। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার রাতে দুই ট্রাকচালক জানান, আটকে থাকার সময় সড়কের বিভিন্ন স্থানে দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র হাতে লোকজনকে ঘোরাফেরা করতে দেখেছেন। একসঙ্গে এত অস্ত্র আগে কখনো দেখেননি তারা। ২৪ ঘণ্টার বেশি সময় আটকে থাকায় চালক ও তাদের সহকারীদের খাবার, বিশ্রাম ও যাতায়াত নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সড়ক বন্ধ থাকাকালে পণ্যবাহী যানবাহনের চালকদের নানা ভোগান্তির পাশাপাশি অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। সিলেট থেকে পাথর নিয়ে বাগেরহাটের কাটাখালীর উদ্দেশে যাত্রা করা ডাম্পট্রাকচালক মোহাম্মদ আলী জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি গোপালগঞ্জে পৌঁছান। মুকসুদপুরে গাছ ফেলে সড়ক আটকে রাখা হলেও পণ্যবাহী গাড়ি হওয়ায় তাকে যেতে দেওয়া হয়। উজলপুরে বিদ্যুতের খুঁটি ফেলে রাখা হয়েছিল। পুলিশ লাইনস এলাকার বাধাও পার হন তিনি। কিন্তু রাত ১০টার দিকে দোলা পাম্প এলাকায় পৌঁছে আর সামনে এগোতে পারেননি। সেখানে গাছ ফেলে পুরো সড়ক বন্ধ করে রাখা হয়েছিল।
মোহাম্মদ আলী বলেন, সেখানে যন্ত্রের সাহায্যে গাছ কেটে সড়কে ফেলে রাখতে দেখেছেন তিনি। অন্যদিকে পাথরবোঝাই আরেক ট্রাকের চালক মো. তুহিন অভিযোগ করেন, আটকে থাকা স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে মধুমতী নদী পার করে দেওয়ার কথা বলে কয়েকজন তার কাছ থেকে ৫০০ টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন ট্রাক ও পিকআপচালক।