Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
Published : Wednesday, 25 November, 2026 at 10:15 PM

শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ, ছবি: সংগৃহীত

শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ, ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এক বিদেশি নভোচারীকে সঙ্গে নিয়ে তিন নভোচারীকে বহনকারী রকেট উৎক্ষেপণ করেছে চীন।  আজ বুধবার শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানের অংশ হিসেবে তাদের নিয়ে রকেটটি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে চীন তার মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। দেশটি তাদের আর্টেমিস কর্মসূচির মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটটি উৎক্ষেপণ করা হয়। গোলাপি আকাশের নিচে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে রকেটটি মহাকাশের উদ্দেশে উড়ে যায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে বলে জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা। সংস্থাটি অভিযানটিকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করেছে। পাশাপাশি জানিয়েছে, নভোচারীরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।

শেনঝৌ-২৪ অভিযানে অংশ নেওয়া তিন নভোচারী হলেন মহাকাশযানের পাইলট তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই এবং পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী।

পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ জিশান আলী চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী। একই সঙ্গে তিনি চীনের নাগরিক নন—এমন প্রথম ব্যক্তি হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করতে যাচ্ছেন।

৪০ বছর বয়সী আলীর এই মহাকাশযাত্রা প্রায় পাঁচ দিন স্থায়ী হওয়ার কথা রয়েছে। এরপর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। গত মে মাসে মহাকাশযানটি তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছেছিল।

পাকিস্তানের মহাকাশ সংস্থা জানিয়েছে, কক্ষপথে অবস্থানকালে আলী কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে অণুশৈবাল (মাইক্রোঅ্যালগি) চাষ এবং মহাকাশ ভ্রমণের ফলে কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা পরীক্ষা করে দেখা।

কক্ষপথে প্রবেশের পর মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হওয়ার কথা। সেখানে আগে থেকেই অবস্থান করছেন তিনজন নভোচারী। শেনঝৌ-২৪ অভিযানের তিন সদস্য তাদের সঙ্গে যোগ দেবেন।

বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত তিন নভোচারী হলেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু, লাই কাই-ইং এবং ঝাং ঝিয়ুয়ান। লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।

পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন বলে নির্ধারিত রয়েছে। অন্যদিকে ঝু মহাকাশ স্টেশনেই থেকে যাবেন। এর মাধ্যমে মহাকাশে একটানা এক বছর অবস্থানের চীনের প্রথম কর্মসূচি সম্পন্ন হবে।

ভবিষ্যতে চাঁদে এবং আরও দূরবর্তী মহাকাশে অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করার সক্ষমতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুর এই অবস্থান সেই সক্ষমতা পরীক্ষার একটি বড় পদক্ষেপ।

মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক অবশ্য আলী নন। এর আগে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের ‘গ্যালাকটিক-০৪’ অভিযানে অংশ নিয়ে মহাকাশ ভ্রমণ করেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মহাকাশ অভিযানকে পাকিস্তান ও চীনের মধ্যকার ‘অসাধারণ আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের’ প্রতিফলন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘মহাকাশ জয়ের অভিযাত্রায় পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে।’

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 25 November, 2026
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up