Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পদ্মা সেতুর কাছে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
Published : Sunday, 29 November, 2026 at 12:13 PM

আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ সময়, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ও রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ দিকে, নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, তাদের কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময়, দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা চলে। সংঘর্ষের সময় ইব্রাহিম সিপাহী নিহত হন।

এ সময়, ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া, পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁটির আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। পরে, তিনি তাদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপর, সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছিল। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবরোধের কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 November, 2026
বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Thursday, 26 November, 2026
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Tuesday, 24 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up