রাজধানী ঢাকায় আজ (বুধবার) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।