Published : Wednesday, 19 August, 2026 at 10:08 AM
আগুনে পুড়ছে হোটেল, ছবিঃ সংগৃহীত
ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। এ সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। পরে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা দল।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত ৯ বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে চারটি দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। উদ্ধারকারীরা হোটেলের ভেতরে আটকে পড়াদের বের করে আনতে কাজ করেন। ঘন ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, আগুনে ৯ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, আটকে পড়াদের উদ্ধার করা এবং আগুন লাগার কারণ খুঁজে বের করাই এখন প্রধান অগ্রাধিকার। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হোটেলে ঠান্ডা করার কাজ চলছে।