পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।
গত ২৫ নভেম্বর করাচির অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটি এলাকায় ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ৩০ জন শ্রমিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির বেজমেন্ট, নিচতলা ও একটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন ছিল। তবে অনুমোদনের বাইরে আরও ছয়টি তলা নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ঠিকাদার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পাকিস্তানের সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটি ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। একই এলাকায় নির্মাণাধীন আরও ১২টি ভবন সিলগালা করেছে কর্তৃপক্ষ।
উদ্ধার কর্মকর্তারা জানান, ভবন ধসের পর থেকে টানা ৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
আহত ১৪ জনের মধ্যে একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলোর ময়নাতদন্তের জন্য অ্যাম্বুলেন্সে করে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।