Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে ১৪ জনের মৃত্যু
Published : Saturday, 28 November, 2026 at 12:26 PM

আটলান্টিক মহাসাগর, ছবিঃ সংগৃহীত

আটলান্টিক মহাসাগর, ছবিঃ সংগৃহীত

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর পথে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা থেকে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল। এ ঘটনায় আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো উপকূলে এ ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। দ্বীপটির দক্ষিণে উপকূল থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে নৌযানটির সন্ধান পাওয়া যায়। পরে সেটিকে টেনে লা এস্তাকা বন্দরে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন গুরুতর অসুস্থ ছিলেন। তাঁদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ৮৪ বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রাথমিক প্রতিবেদনে কিছুটা পার্থক্য রয়েছে। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের পরবর্তী প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৫ বলে জানানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটির যাত্রীরা পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশে রওনা হয়েছিলেন। সমুদ্রপথে তাঁদের প্রায় ১০ দিন কাটে। এ সময় নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি প্রায় তিন দিন সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় খাবার ও পানির সংকটে থাকায় উদ্ধার হওয়া অনেকেই পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।

উদ্ধার অভিযানে সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা, কোস্টগার্ড, পুলিশ ও চিকিৎসাকর্মীরা অংশ নেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের এল হিয়েরোর লা রেস্তিঙ্গা বন্দরের অভিবাসী অভ্যর্থনা ও জরুরি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উন্নত জীবন, কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ এ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। তবে দীর্ঘ সমুদ্রযাত্রা, উত্তাল ঢেউ, শক্তিশালী স্রোত, নৌযানের ত্রুটি এবং খাবার ও পানির সংকটে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। অনেক নৌযান যাত্রাপথেই নিখোঁজ হয়ে যায়।

এদিকে গত অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৫ নভেম্বর মাত্র ২৪ ঘণ্টায় দ্বীপপুঞ্জটিতে পৌঁছান ২ হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি এক দিনে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের নতুন রেকর্ড।

আগমনকারীদের বড় একটি অংশ পৌঁছান এল হিয়েরো দ্বীপে। প্রায় ১১ হাজার ৪০০ জনসংখ্যার ছোট এই দ্বীপে বিপুলসংখ্যক মানুষের আগমনে স্থানীয় উদ্ধার ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে।

রয়টার্সের তথ্য বলছে, ২০২৬ সালের নভেম্বরের শেষ নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত দুই মাসেই এসেছেন প্রায় ২১ হাজার মানুষ।

অভিবাসন পরিস্থিতি নিয়ে স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও চলছে আলোচনা। আগামী রোববার (২৯ নভেম্বর) দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রচারণায় অভিবাসন নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিবাসনকে অর্থনীতি ও শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে দেশটির ডানপন্থি রাজনৈতিক দলগুলো অভিবাসন নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছে।

ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো এ পরিস্থিতি মোকাবিলায় স্পেন সরকার ও ইউরোপীয় ইউনিয়নের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক এই প্রাণহানির ঘটনা ইউরোপের অভিবাসন সংকট এবং নিরাপদ অভিবাসনপথ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সুত্রঃ আল জাজিরা

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হ্যালোইন ঘিরে ফ্রান্সে বিশৃঙ্খলার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 30 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up