স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (অবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৪ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে।
রোববার (২৫ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৩ অগাস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এছাড়া, ১০ থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে- তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।
এর আগে গত ২৮ এপ্রিল সরকারের এক তথ্য বিবরণীতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করার কথা জানানো হয়।
পরে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে স্থগিত করা এই বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ গত ২১ মে ঘোষণা করেছিল পিএসসি।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারির দুই দফায় ফল প্রকাশ করা হয়। এতে ২১ হাজার ৩৯৭ জন উত্তীর্ণ হয়ছেন। তারা এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। এ সময় প্রিলিমিনারিতে অংশ নিয়েছিলেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
গত বছরের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৫ আগস্ট সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।
এতে করে আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত ২৭ নভেম্বর ফের প্রকাশ করে পিএসসি।
পরে গত ২৪ মার্চ ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে, প্রার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।