৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নেবেন মোট ১ হাজার ৪৫ জন প্রার্থী। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
রোববার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন এবং সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম ১ ডাউনলোড করে পূরণ করতে হবে। এ ফরম এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব প্রয়োজনীয় কাগজপত্র (যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের সনদ, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ ইত্যাদি) মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। এ ছাড়া বিপিএসসি ফরম-৩ অনলাইনে পূরণ করে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
কোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।