Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বন্যা হতে পারে দুই জেলায় ■ বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে ■ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ■ আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ■ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য ■ প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বন্যা হতে পারে দুই জেলায়
Published : Sunday, 16 August, 2026 at 5:27 PM

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, ছবিঃ সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং এর সংলগ্ন পাহাড়ি অঞ্চলে আকস্মিক তবে সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।  
 
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক দুটি বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে সৃষ্ট লঘুচাপটির পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।   

আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগ এবং এর আশপাশের উজান এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত রেকর্ড না হলেও প্রতিবেশী ভারতের মেঘালয়ের মাওকিরওয়াটে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে অবস্থান করলেও বৃষ্টির প্রভাবে উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বেড়েছে। আগামী ২ দিনে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু পয়েন্টে সতর্কসীমায় পৌঁছাতে পারে।  

এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি আপাতত হ্রাস পেলেও আগামী দুই দিন তা আবার দ্রুত বাড়তে পারে।

উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে কমছে। সুরমা-কুশিয়ারা ও সোমেশ্বরীর কিছু পয়েন্টে পানি সতর্কসীমায় থাকলেও আগামী ২-৩ দিন তা স্থিতিশীল থাকতে পারে। তবে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত রয়েছে এবং গঙ্গা-পদ্মা নদীর পানিও কমছে। আগামী দুই দিন পর গঙ্গা-পদ্মার পানি কিছুটা বাড়লেও তা বিপৎসীমার নিচেই থাকবে।  

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কীর্তনখোলা, লোহালিয়া-মেঘনা, পশুর, ইছামতী, কর্ণফুলী, লিটল ফেনী ও নোয়াখালী খালসহ অন্যান্য উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার বিরাজ করছে। আগামী দুই দিন নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up