দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১ শিশু। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আর ১ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৩ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫০ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জনের।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা অব্যাহত থাকায় দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে স্বাস্থ্য বিভাগ।