সারা দেশে হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৮ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮২৩ শিশুর।
আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯২২ শিশু মারা গেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৭ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৩১। এই সময়ে ৭৮৭ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯২৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭১১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ২৭ হাজার ৭৬ রোগী। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৮০৫ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।